রাজশাহীর বাগমারায় ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন জলাশয়ে এক লাখ টাকা মূল্যের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন জলাশয়ে এসব পোনা অবমুক্ত করা হয়।
কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। এর উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এমপি আব্দুল বারী। তিনি বলেন, জেলে ও মৎস্যজীবীদের স্বার্থে মাছের উৎপাদন বৃদ্ধি করা জরুরি। জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি স্থানীয় জেলে ও মৎস্যজীবীদের কর্মসংস্থান ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে।
তিনি দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ এবং মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা কাওসার আলী, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সোবহান, সাবেক সদস্য সচিব শামসুজ্জোহা সরকার বাদশা, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।
উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের নিমগাছি সরকারি মৎস্য খামার থেকে রুই, কাতলা ও মৃগেলসহ বিভিন্ন জাতের মোট ২৮৬ কেজি মাছের পোনা সংগ্রহ করা হয়। এসব পোনার ক্রয়মূল্য এক লাখ টাকা।
পরে উপজেলার ঝিকরা ঠাকুরঝি আশ্রয়ণ প্রকল্প, বিল কালাই ও দুবিলার জলাশয়ে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়।